শেষ নিঃশ্বাস পর্যন্ত গাইতে চান : আশা ভোঁসলে

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২১ | অনলাইন সংস্করণ

বয়স নব্বই পেরোলেও এখনও নিজের সুরেলা কণ্ঠে মঞ্চ মাতিয়ে রাখেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি তার দীর্ঘ ক্যারিয়ার ও মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

আশা ভোঁসলে জানান, স্টুডিওতে গান গাওয়ার সময় সঙ্গীত পরিচালকের উপস্থিতি সবকিছু সহজ করে দেয়। কিন্তু মঞ্চে গান গাওয়ার সময় আবেগ তাকে আচ্ছন্ন করে ফেলে। তিনি বলেন, "মঞ্চে গলা আটকে যায়, কণ্ঠস্বর কাঁপে। স্মৃতিগুলো ভেসে আসে—সেই রাতগুলো, চিঠি, বালিশের পাশে রাখা গোলাপ। শ্রোতাদের সঙ্গেও একটি সংযোগ তৈরি হয়।"

৯১ বছর বয়সী এই কিংবদন্তি শিল্পী তার সবচেয়ে বড় ইচ্ছের কথাও শেয়ার করেন। তিনি বলেন, "আমার একমাত্র ইচ্ছা, শেষ নিঃশ্বাস পর্যন্ত গান গাইতে চাই। গাইতে গাইতেই মরতে চাই। এটাই আমাকে সবচেয়ে সুখী করবে।" আশা ভোঁসলে তিন বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করেন এবং ৮২ বছর ধরে প্লেব্যাক গান করছেন।

তার কথায়, "আমি গান ছাড়া বাঁচব না।" আশা ভোঁসলের এই আত্মবিশ্বাস ও গানের প্রতি অগাধ ভালোবাসা শিল্পজগতে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।