সালমান খানের হলিউড অভিষেক, ফাঁস হলো প্রথম লুক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৬ | অনলাইন সংস্করণ

বলিউড সুপারস্টার সালমান খান এবার হলিউডে পা রাখছেন। ২০২১ সালে মুক্তি পাওয়া আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর হলিউড রিমেকে বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে দুবাইতে।
প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে মুম্বাইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। সেখানে অতিথি শিল্পী হিসেবে সালমান খানের চরিত্রটি দর্শকদের জন্য চমক নিয়ে আসবে বলে জানা গেছে। তার একটি লুকও ফাঁস হয়েছে, যেখানে অফ হোয়াইট রঙের স্যুটে রেস্তরাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে।
ছবিটিতে সালমানের পাশাপাশি সঞ্জয় দত্তকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। দুজনের অ্যাকশন দৃশ্য দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে।
বলিউড থেকে হলিউডে পা রাখার এই তালিকায় সালমান খান যোগ করলেন তার নাম। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের মতো তারকারা হলিউডে নিজেদের অবস্থান গড়েছেন। এবার দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসতে চলেছেন ভাইজান।
