দেব–শুভশ্রী বিতর্কে অবশেষে মুখ খুললেন রুক্মিণী
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ

ওপার বাংলার তারকা জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলীর অতীত সম্পর্ক সম্প্রতি ফের আলোচনায় আসায় নতুন করে বিতর্কের মুখে পড়েন দেবের বর্তমান প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। রুক্মিণীর দাবি, দেব–শুভশ্রীকে ঘিরে পুনরায় প্রচারণা গড়ে তোলা এবং নানা আলোচনা তৈরি করে তাকে বারবার ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল।
এ বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রীর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধূমকেতু’—যার শুটিং শেষ হয়েছিল প্রায় এক দশক আগে। প্রযোজনা জটিলতায় আটকে থাকা ছবিটি মুক্তি পাওয়ায় পুরোনো জনপ্রিয় জুটি নিয়ে দর্শকদের আগ্রহ নতুন করে বেড়ে যায়।
কিন্তু মুক্তির আগেই শুরু হয় বিতর্ক। প্রচারণার অংশ হিসেবে দেব–শুভশ্রী একই মঞ্চে ট্রেলার লঞ্চ করেন, পুরোনো হিট গানে পারফর্ম করেন, এমনকি মন্দিরেও একসঙ্গে পূজা দিতে যান। এসব ঘটনা নেটিজেনদের মধ্যে তাদের অতীত প্রেমকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি করে। এরপরই সামাজিক মাধ্যমে দেব–শুভশ্রীকে পুনর্মিলনের পরামর্শ ছাড়াও কটূক্তির শিকার হন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী জানান, এসব বিতর্ক তাকে কোনোভাবেই প্রভাবিত করেনি। তার ভাষায়,
‘যা রটছে সবটাই মিথ্যা। সেই মিথ্যাকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার মানে নেই। একটা ফাঁদের মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা হয়। আমি যদি নিজে সেখানে ধরা দিই তাহলে বোকা তো আমিই।’
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে কী দেখবেন বা পড়বেন—তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতেই থাকে।
