প্রথম সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭ | অনলাইন সংস্করণ

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন নিজের সুর ও কণ্ঠ দিয়ে। গান নিয়ে ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত তিনি। এবার সেখানেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তার জীবনের সবচেয়ে আনন্দের খবর—প্রথমবারের মতো বাবা হয়েছেন ইমরান।

নিজের ফেসবুক পোস্টে ইমরান লেখেন, “আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।”

তিনি আরও জানান, সন্তান জন্মের পর তার পরিবারে এসেছে নতুন আনন্দ।
ইমরান লিখেছেন, “আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করবে ইনশা আল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন—আমিন।”

ইমরানের এই সুখবর প্রকাশ হতেই কমেন্ট বক্সে ভরে যায় শুভেচ্ছায়। সংগীতশিল্পী পড়শী ভালোবাসার ইমোজি দিয়ে লেখেন, “আলহামদুলিল্লাহ।” আরেক ভক্ত মন্তব্য করেন, “অভিনন্দন কন্যার বাবা-মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।”

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল প্রথম আলোচনায় আসেন ২০০৩ সালের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়ে। পরে ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ চলচ্চিত্রে কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে প্লেব্যাকে অভিষেক ঘটে তার।

২০১১ সালে আরফিন রুমির হাত ধরে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশিত হয়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই সংগীতশিল্পীকে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ইমরান গানকেই নিজের জীবনের মূল পথ হিসেবে বেছে নিয়েছেন।