লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩ | অনলাইন সংস্করণ

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ছোট ও বড় পর্দায় কাজ করে দর্শকের ভালোবাসা অর্জন করা জনপ্রিয় অভিনেতা তিনু করিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন।

তিনি জানান, গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। তার শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেলে ২৪ নভেম্বর দ্রুত ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়। দুই দিন আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

কিন্তু বুধবার (৩ ডিসেম্বর) হঠাৎ রক্তচাপ ও সুগারের মাত্রা অনেক কমে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তিনু করিমের। এরপর থেকে তিনি ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’, ‘অপেক্ষা’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে একটি শক্ত অবস্থান তৈরি করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও নাম লেখান তিনি।