কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ আর নেই
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:১৮ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের অন্যতম কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ (রাজা মোহাম্মদ ইলিয়াস) আর নেই।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ ভাই আজ সকালে মৃত্যু বরণ করেন। তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। নিশান সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এবং আরও অনেক সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন।’ জায়েদ খান প্রিয় অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ইলিয়াস জাভেদ ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। তারপর প্রায় ২০০টি সিনেমায় অভিনয় করেছেন। নব্বই দশক পর্যন্ত তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক। এছাড়া, তিনি ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালকও। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘নিশান’ বেশ জনপ্রিয়, যা তাকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছিল।
ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ার (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি পাঞ্জাব থেকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকায় চলে আসেন। ব্যক্তিগত জীবনে ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি।
তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
