ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫১ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

সাই পল্লবী নন, ধানুশ অভিনীত নতুন সিনেমায় নায়িকা হিসেবে যুক্ত হলেন শ্রীলিলা। ‘আমরন’ খ্যাত নির্মাতা রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি ৫৫’। কয়েক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হলে গুঞ্জন ওঠে। এতে ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী, এমনটাই জানা যায়। তবে শেষ পর্যন্ত নির্মাতারা ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় নির্মাতা দল নিশ্চিত করেছে, ধানুশের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শ্রীলিলাকে। ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় শ্রীলিলাকে স্বাগত জানিয়েছেন। ঘোষণাটি প্রকাশ করে নির্মাতারা লেখেন, ‘এটা আপনি ভাবেননি। ‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলিলাকে।’
