শাকিব-মিথিলা জুটি, থাকছেন পাকিস্তানি অভিনেত্রী
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৭ | অনলাইন সংস্করণ

বছরের শুরু থেকেই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মেগাস্টার শাকিব খান। হাতে আছে একগুচ্ছ সিনেমার কাজ। ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষে শুরু হবে ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’-এর কাজ। জানা গেছে, শাকিবের ‘রকস্টার’ সিনেমায় থাকবেন দুজন নায়িকা। অভিনেতার বিপরীতে দেখা যেতে পারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলা এবং পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রীকে। তবে কে নায়িকা হবেন, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ছবির পরিচালক। ‘রকস্টার’ ছবির পরিচালক আজমান রুশো নায়িকা প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘এসব নিয়ে এখনই কোনো কথা বলতে পারছি না।
দুই-তিন দিনের মধ্যে আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে এ নিয়ে কিছুই বলতে পারছি না।’ এদিকে সিনেমাতে যুক্ত হওয়ার বিষয়ে নীরব তানজিয়া মিথিলা। তিনি বলেন, ‘সবকিছু চূড়ান্ত হোক, তবেই সিনেমা নিয়ে কথা বলতে পারব।’ সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। চরিত্রটিও তার বেশ পছন্দ হয়েছে। তবে প্রধান নায়িকা কে হবেন- মিস বাংলাদেশ নাকি পাকিস্তানের কোনো অভিনেত্রী, এ নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।
