
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের একটি আদালত। ২০১৭ সালের চেক বাউন্স মামলায় বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ‘গাদার ২’-এর অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত সাত বছর আগে। ইভেন্ট অর্গানাইজার পবন ভার্মার অভিযোগ, ২০১৭ সালের ১৬ নভেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশা প্যাটেলকে সাড়ে ১৪ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। অভিযোগকারী জানান, সেই অনুষ্ঠানে আমিশা উপস্থিত হননি এবং অগ্রিম নেওয়া টাকার পুরোটা ফেরত দেননি। নগদ ১০ লাখ টাকা ফেরত দিলেও বাকি সাড়ে চার লাখ টাকার জন্য আমিশা যে চেকটি দিয়েছিলেন, সেটি ব্যাংক বাতিল করে। চেক বাউন্সের পর আইনি পথে হাঁটেন ইভেন্ট অর্গানাইজার পবন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আমিশা প্যাটেল। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি দাবি করেন, চেক বাউন্সের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বহু বছর আগেই পবন ভার্মার সঙ্গে তার রফাদফা হয়ে গিয়েছিল।