পপসম্রাট আজম খানের জন্মবার্ষিকী আজ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

বিনোদন জগতের কিংবদন্তি, পপসম্রাট প্রয়াত আজম খানের জন্মবার্ষিকী আজ, ২৮ ফেব্রুয়ারি। ১৯৫০ সালের এই দিনে তিনি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন।
বাংলা পপ গানের ইতিহাসে আজম খান ছিলেন এক উজ্জ্বল ও বিদ্রোহী নাম। সত্তরের দশকে যখন দেশের সংগীতধারা মূলত আধুনিক ও লোকগানের আবহে সীমাবদ্ধ, তখন তিনি পশ্চিমা রক ও পপের প্রভাব নিয়ে তৈরি করেন নতুন ঢং, যা তরুণদের মধ্যে স্বাধীনতা, প্রতিবাদ ও ভালোবাসার স্পন্দন জাগিয়ে তোলে। ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘আলাল ও দুলাল’ এবং ‘এত সুন্দর দুনিয়ায়’সহ তার গানগুলো কেবল সুর নয়, সময়ের গল্পও বলে।
আজিমপুরের সরকারি কোয়ার্টারে ছেলেবেলা কাটানো আজম খান কমলাপুর প্রভেনশিয়াল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে ভর্তি হয়ে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন। ১৯৭০ সালে টিঅ্যান্ডটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হলেও মুক্তিযুদ্ধের কারণে পড়ালেখা অব্যাহত রাখতে পারেননি।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার জন্য লড়াইয়েও অংশ নিয়েছিলেন আজম খান। মা-বাবার আশ্বাস নিয়ে দুই বন্ধুদের সঙ্গে তিনি ভারতে প্রশিক্ষণের উদ্দেশ্যে রওনা হন। মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গান ছিল তার প্রতিদিনের অংশ। সেখানে নতুন নতুন গান বাঁধতেন আর বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করতেন থালাবাসন। আজম খানের গান শুনতে ভিড় জমাতেন অন্যান্য মুক্তিযোদ্ধারা। এতে তিনি পরিচিতি পান গায়ক হিসেবে।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশে ফিরে সংগীতচর্চা শুরু করেন। ১৯৭২ সালে বন্ধুদের সঙ্গে ‘উচ্চারণ ব্যান্ড’ গঠন করেন। তার ব্যান্ড উচ্চারণ এবং আখন্দ (লাকী আখন্দ ও হ্যাপী আখন্দ) ভ্রাতৃদ্বয় বাংলাদেশের সংগীত জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
বন্ধু নিলু ও মনসুর ছিলেন গিটারে, সাদেক ড্রামে এবং আজম খান প্রধান ভোকালিস্ট হিসেবে গান পরিবেশন করতেন। ১৯৭২ সালে বিটিভিতে ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি সরাসরি প্রচারিত হলে ব্যান্ডটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে।
আজম খানের গানগুলোতে ছিল দেশপ্রেম, সচেতনতা, তরুণদের উদ্বুদ্ধকরণ এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। প্রতিকূলতার মধ্যেও তার গান চলতে থাকে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে: ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘আলাল ও দুলাল’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আমি যারে চাইরে’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’, ‘ও রে সালেকা ও রে মালেকা’, ‘জীবনে কিছু পাব না রে’, ‘বাধা দিয়ো না’ ইত্যাদি।
মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০১১ সালের ৫ জুন আজম খান দেশবাসীকে কাঁদিয়ে পরপারে চলে যান।
