ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০ | অনলাইন সংস্করণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। আকস্মিক এই মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনসহ ভক্ত-নেটিজেনদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সময় জাহের আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এখনো কোনো বক্তব্য দেখা যায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কথা বলার মতো অবস্থায় নেই।
ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে তার চাচা দিপু খান জানান, তিনি তখন ময়মনসিংহের ভালুকায় ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভক্ত ও পরিচিতদের ভিড় বাড়ছে। মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের মন্তব্যঘরে শোক, বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, অন্তত সন্তানের জন্য হলেও যেন মৃত্যুর এই খবরটি মিথ্যা হয়। আবার কেউ মন্তব্য করেছেন, আলভীর জন্মদিনে মা-ছেলের হাসিমুখের ভিডিও দেখার পর এমন সংবাদ বিশ্বাস করা কঠিন। অনেকেই এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
