‘গেম অফ থ্রোনস’ তারকা মাইকেল প্যাট্রিক মারা গেছেন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৫:৩৫ | অনলাইন সংস্করণ

বিশ্বখ্যাত টেলিভিশন সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এ অভিনয় করা আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক মারা গেছেন। গত মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের একটি হসপিসে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাওমি শিহান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, বিরল স্নায়বিক রোগ মোটর নিউরন ডিজিজের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মাইকেল মারা যান।
‘গেম অফ থ্রোনস’-এ তিনি বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সদস্য হিসেবে অভিনয় করেন। চরিত্রটি তুলনামূলক ছোট হলেও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন।
কেবল এই সিরিজেই নয়, কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এও তিনি অভিনয় করেছেন। এছাড়া ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এর মতো টেলিভিশন সিরিজ ও মঞ্চনাটকে তিনি সক্রিয় ছিলেন।
২০২৩ সাল থেকে তিনি মোটর নিউরন ডিজিজে আক্রান্ত ছিলেন। এই রোগের কারণে ধীরে ধীরে তার শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে, চলাফেরা ও কথা বলার সক্ষমতা হারাতে শুরু করেন তিনি। শেষ পর্যায়ে শ্বাস-প্রশ্বাসও তার জন্য কষ্টকর হয়ে পড়ে।
তার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।
