নাট্যকার ও অভিনেতা আতাউর রহমান আর নেই
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৬:১৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

বাংলা নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
রওনক হাসান গভীর শোক প্রকাশ করে বলেন, ‘না ফেরার দেশে চলে গেলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চের প্রেরণাদায়ী সারথি আতাউর রহমান। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।’
গত শুক্রবার বাসায় পড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয় আতাউর রহমানের। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান অভিনেতার লাইফ সাপোর্ট প্রয়োজন।
তবে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আবা/এসআর/২৬
