ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম
প্রকাশ : ২২ মে ২০২৬, ১২:০০ | অনলাইন সংস্করণ

জনপ্রিয় অভিনেতা চাষী আলমের পরিবারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা।
বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে তার স্ত্রী তুলতুল ইসলাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন চাষী আলম। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয়।’
তার এই ঘোষণার পর অভিনয় অঙ্গনের সহকর্মী ও ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এরপর ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান চাষী আলম। বর্তমানে নাটক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে নিয়মিত অভিনয় করছেন তিনি।
