১ কোটি রুপিতে স্বপ্নের স্কুল গড়ে দিলেন অক্ষয় কুমার
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৩:২৬ | অনলাইন সংস্করণ

হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দার ‘অ্যাকশন হিরো’ নন, বাস্তব জীবনেও একজন মানবিক মানুষ। এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বড় অঙ্কের অনুদান দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
এবার কাশ্মীরের এক প্রত্যন্ত সরকারি স্কুলের উন্নয়নে ১ কোটি রুপি অনুদান দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেতা।
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার দুর্গম সীমান্তবর্তী গ্রাম নেরো তুলাইলের একটি সরকারি স্কুলকে ঘিরে এই উদ্যোগ নেওয়া হয়। অক্ষয় কুমারের দেওয়া অনুদানের মাধ্যমেই স্কুলটি নতুন ভবন ও আধুনিক অবকাঠামো পেয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। সে সময় সীমান্তরক্ষী বাহিনীর বিশেষ আমন্ত্রণে সীমান্তে দায়িত্ব পালনরত জওয়ানদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে যান অক্ষয় কুমার। ওই সফরের সময় তিনি উত্তর কাশ্মীরের এই প্রত্যন্ত গ্রামে যান।
সেখানে গিয়ে তিনি দেখেন স্কুলের ভগ্নদশা। প্রচণ্ড শীতের মধ্যেও জরাজীর্ণ কক্ষে শিক্ষার্থীদের কষ্ট করে পড়াশোনা করতে দেখে তিনি গভীরভাবে আবেগপ্রবণ হন। সেখানেই তিনি স্কুলটির উন্নয়নের জন্য ১ কোটি রুপি অনুদানের ঘোষণা দেন।
প্রায় পাঁচ বছর পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে। নতুন ভবনে এখন রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার শিক্ষা ব্যবস্থার জন্য পৃথক কক্ষ, সমৃদ্ধ পাঠাগার এবং শিক্ষকদের জন্য আলাদা দাপ্তরিক কক্ষ।
এছাড়া শিক্ষার্থীদের খাবারের জন্য পরিচালিত মধ্যাহ্নভোজ কর্মসূচির রান্নাঘর ও পরিবেশন ব্যবস্থাও আগের তুলনায় অনেক উন্নত করা হয়েছে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগের ফলে দুর্গম এলাকার শিক্ষার পরিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে।
