কানে রেড কার্পেটে নীল গাউনে নজর কাড়লেন ঐশ্বরিয়া
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৫:৩৮ | অনলাইন সংস্করণ

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যাবে কি না—এ নিয়ে উৎসব শুরুর আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
অনেকেই ধারণা করেছিলেন, তিনি এবার অনুপস্থিত থাকতে পারেন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত রেড কার্পেটে উপস্থিত হন এই বিশ্বসুন্দরী।
গত বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন ঐশ্বরিয়া। এরপর উৎসবের রেড কার্পেটে তার উপস্থিতি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এবার রেড কার্পেটে তাকে দেখা যায় গাঢ় নীল রঙের ঝলমলে গাউনে। পুরো সাজে তাকে মৎস্যকন্যার মতো লাগছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন অনেকে। খুবই সাধারণ গয়না—গলায় একটি নেকলেস এবং হাতে একটি আংটি—পরে তিনি ক্যামেরার সামনে পোজ দেন। তার এই রূপ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রেড কার্পেটের ভিডিওতে দেখা যায়, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে সিঁড়ি বেয়ে নামছেন ঐশ্বরিয়া। তার রাজকীয় হাঁটা ও উপস্থিতি ভক্তদের মুগ্ধ করে। অনেকে মন্তব্য করেন, যেন কোনো রূপসী ধীরে ধীরে নেমে আসছেন।
এবারের উৎসবে প্রসাধনী ব্র্যান্ডের দূত হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠানের আগে দীর্ঘদিনের পরিচিত সহকর্মী ইভা লংগোরিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাসিমুখে ছবি তোলেন।
বরাবরের মতো এবারও মায়ের সঙ্গে উপস্থিত ছিল তার মেয়ে আরাধ্যা বচ্চন, যাকে নিয়েই তিনি উৎসবে অংশ নেন।
