বিয়ে করলেন অভিনেত্রী মহসিনা আক্তার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৯ | অনলাইন সংস্করণ

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী ও নির্দেশক মহসিনা আক্তার। গত ২১ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে ইরফান উদ্দিনের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইরফান পেশায় সিনেমাটোগ্রাফার ও নাট্যকর্মী।

মহসিনা ও ইরফান দুজনই 'স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ'-এর সঙ্গে যুক্ত। মঞ্চে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের পরিচয় ও বন্ধুত্বের শুরু। পরে সেই সম্পর্কই রূপ নেয় বিয়েতে।

রোববার (২৩ আগস্ট) একটি সংবাদমাধ্যমকে মহসিনা বলেন, ইরফান একজন সংবেদনশীল মানুষ। মানুষ ও সমাজকে তিনি যেভাবে দেখেন, ইরফানও অনেকটা একইভাবে দেখেন। এ কারণেই তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।

ইরফান 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা', '৪.৪৮ মন্ত্রাস' ও 'আমি বীরাঙ্গনা বলছি'সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি 'বিনোদিনী', 'দ্য টেল অব সাদ' ও 'দ্য সানফ্লাওয়ার'সহ কয়েকটি কনটেন্টে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। তার লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনিচে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করতে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় 'রিজওয়ান' নাটকে ফাতিমা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন মহসিনা। পরে জামিল আহমেদের নেতৃত্বে গড়ে ওঠা 'স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ'-এর প্রতিষ্ঠাতা সদস্য হন তিনি। ইরফানও এই দলের প্রতিষ্ঠাতা সদস্য।

মহসিনার উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা', '৪.৪৮ মন্ত্রাস', 'বিস্ময়কর সবকিছু' ও 'আমি বীরাঙ্গনা বলছি'। মঞ্চের বাইরে 'জয়া আর শারমিন' সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও কাজ করেছেন মহসিনা। 'তবুও জেগে উঠি', 'ইন্দুর-বিলাই খেল' ও 'শেষরক্ষা'সহ কয়েকটি নাটক নির্দেশনা দিয়েছেন তিনি।