মারা গেছেন 'কোচ'খ্যাত অভিনেত্রী শেলি ফ্যাবারেস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৬:১১ | অনলাইন সংস্করণ

টেলিভিশনের পর্দায় একসময় যিনি ছিলেন লাখো দর্শকের প্রিয় মুখ, সেই মার্কিন অভিনেত্রী শেলি ফ্যাবারেস আর নেই। 'দ্য ডোনা রিড শো' ও 'কোচ'-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে খ্যাতি পাওয়া এই অভিনেত্রী শনিবার লস অ্যাঞ্জেলেসে অসুস্থতার পর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্বজনদের মধ্যে রয়েছেন তার স্বামী ও 'এমএএস*এইচ'খ্যাত অভিনেতা মাইক ফ্যারেল। ১৯৮৪ সালে তাদের বিয়ে হয়।

এক বিবৃতিতে পরিবার জানায়, শেলি ফ্যাবারেস তার পরিবার ও বন্ধুদের কাছে ভালোবাসা, শক্তি, হাসি ও স্বস্তির উৎস ছিলেন। তার উষ্ণতা, উদারতা, রসবোধ ও ব্যক্তিত্ব কাছের মানুষদের জীবনে বিশেষ জায়গা তৈরি করেছিল।

১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত আট মৌসুম প্রচারিত 'দ্য ডোনা রিড শো'-তে মেরি স্টোন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান শেলি। চরিত্রটি ছিল ডোনা স্টোনের কিশোরী মেয়ের।

ডোনা স্টোন চরিত্রে অভিনয় করেছিলেন ডোনা রিড, আর তার স্বামীর চরিত্রে ছিলেন কার্ল বেটজ।

টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর গানেও ভাগ্য পরীক্ষা করেন শেলি। ১৯৬২ সালে তার গাওয়া 'জনি অ্যাঞ্জেল' গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠে আসে।

তবে পরে নিজের গান গাওয়ার দক্ষতা নিয়ে মজা করে শেলি জানিয়েছিলেন, তিনি আসলে খুব ভালো গাইতে পারতেন না। গানটির ক্ষেত্রে ডাবিংয়ের ওপর অনেকটাই নির্ভর করতে হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও সফল ছিলেন শেলি ফ্যাবারেস। ১৯৬০-এর দশকে জনপ্রিয় গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলির সঙ্গে পরপর তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি।

সিনেমাগুলো হলো 'গার্ল হ্যাপি' (১৯৬৫), 'স্পিনআউট' (১৯৬৬) ও 'ক্ল্যামবেক' (১৯৬৭)।

এলভিসের সঙ্গে প্রথম সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণা করে এক সাক্ষাৎকারে শেলি বলেছিলেন, সেটে এলভিসকে প্রথমবার হাঁটতে দেখেই সবাই যেন থমকে গিয়েছিলেন। তার আকর্ষণীয় উপস্থিতিতে কারও মুখে কথা আসছিল না বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

পরবর্তী সময়ে জনপ্রিয় কমেডি সিরিজ 'কোচ'-এ ক্রিস্টিন আর্মস্ট্রং চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও পরিচিতি পান শেলি। সিরিজটির আট মৌসুমে তাকে দেখা যায়।

তার চরিত্রটি ছিল একজন টেলিভিশন সংবাদ উপস্থাপকের, যিনি পরে ক্রেইগ টি. নেলসনের অভিনীত হেইডেন ফক্সের প্রেমিকা ও স্ত্রী হন। এই চরিত্রের জন্য শেলি দুবার এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন।

এ ছাড়া 'ওয়ান ডে অ্যাট আ টাইম' সিরিজেও অভিনয় করেন তিনি। ১৯৭১ সালের টেলিভিশন সিনেমা 'ব্রায়ান'স সং'-এ প্রয়াত ফুটবলার ব্রায়ান পিকোলোর স্ত্রী চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন।

১৯৪৪ সালের ১৯ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম শেলি ফ্যাবারেসের। মাত্র ৩ বছর বয়সে তার মা তাকে মডেলিংয়ে নিয়ে আসেন। সেখান থেকেই টেলিভিশনে কাজের সুযোগ পান তিনি।

৯ বছর বয়সে ফ্র্যাঙ্ক সিনাত্রার সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানেও দেখা যায় তাকে। এরপর ধীরে ধীরে অভিনয়ের জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন শেলি।

২০০০ সালের অক্টোবরে তার লিভার প্রতিস্থাপন করা হয়। এর আগে প্রায় দুই বছর তিনি প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় ছিলেন।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন শেলি ফ্যাবারেস।