ঝড় তুলেছে 'টক্সিক' মুক্তির আগেই মিললো দারুণ সাড়া

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৬:১৯ | অনলাইন সংস্করণ

যশের বহুল প্রতীক্ষিত সিনেমা 'টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস' নিয়ে প্রেক্ষাগৃহে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে মুক্তির বেশ কয়েক দিন আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ছাড়িয়ে গেছে ২৪ কোটি রুপি।

গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অ্যাকশন, অপরাধ ও পিরিয়ড ড্রামার সমন্বয়ে নির্মিত সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সেই আগ্রহের প্রতিফলন মিলছে অগ্রিম টিকিট বিক্রির হিসাবেও।

স্যাকনিল্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত 'টক্সিক'-এর অগ্রিম টিকিট বিক্রি থেকে গ্রস আয় হয়েছে ২৪ কোটি ২৭ লাখ রুপি।

এ সময় সিনেমাটির ৬ লাখ ৩৯ হাজার ৯৬৬টি টিকিট বিক্রি হয়েছে। বুকিং হয়েছে মোট ১৪ হাজার ১০৪টি শো। অগ্রিম বিক্রির হিসাবে সবচেয়ে বড় চমক দেখা গেছে কন্নড় ও হিন্দি বাজারে। দুই ভাষাতেই সিনেমাটির আয় প্রায় সমান।

হিন্দি ২ডি সংস্করণ থেকে এসেছে ১১ কোটি ৬ লাখ রুপি, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়ের উৎস। অন্যদিকে কন্নড় ২ডি সংস্করণ থেকে আয় হয়েছে ১০ কোটি ৯৯ লাখ রুপি।

প্রিমিয়াম ফরম্যাটেও ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। হিন্দি আইম্যাক্স ২ডি সংস্করণ থেকে আয় হয়েছে ২৮ লাখ ৫৭ হাজার রুপি। হিন্দি ৪ডিএক্স সংস্করণ থেকে এসেছে ২২ লাখ ১৭ হাজার রুপি।

কন্নড় সংস্করণের আইম্যাক্স ২ডি থেকে আয় হয়েছে ৭১ লাখ ২৮ হাজার রুপি। আর ৪ডিএক্স সংস্করণ থেকে এসেছে ২১ লাখ ৪৫ হাজার রুপি। অন্যান্য ভাষার বাজারেও মিলছে অগ্রিম বুকিংয়ের সাড়া। তামিল ২ডি সংস্করণ থেকে এসেছে ৪৪ লাখ ৮৫ হাজার রুপি। মালয়ালম ২ডি সংস্করণ থেকে আয় হয়েছে ১৯ লাখ ১১ হাজার রুপি এবং তেলুগু ২ডি সংস্করণ থেকে ১৩ লাখ ৩৮ হাজার রুপি। এ ছাড়া হিন্দি ডলবি সিনেমা সংস্করণ থেকে এসেছে ৬৪ হাজার ৭০০ রুপি।

স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, ব্লক করা আসনের আয় যুক্ত করলে সিনেমাটির মোট গ্রস অগ্রিম আয় দাঁড়িয়েছে ৩২ কোটি ৮৫ লাখ রুপি।

'টক্সিক'-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যশ। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

স্বাধীনতার পরবর্তী গোয়ার প্রেক্ষাপটে এগিয়েছে সিনেমাটির গল্প। সেখানে এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে আনুগত্য, নৈতিকতা এবং অতীতের পাপ থেকে মুক্তি পাওয়ার জটিল সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে এমন সাড়া 'টক্সিক'-কে ঘিরে প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে এই ঝড় কতটা বড় আকার নেয়।