ভেনিসে বাংলাদেশের জয়, সেরা পরিচালক রাকায়েত রাব্বি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০ | অনলাইন সংস্করণ

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ইতালির ভেনিসে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমান্তরালে অনুষ্ঠিত স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সন অফ আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ (Son of a Pitch Award 2026)-এ তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা সুইটনেস অফ এয়ার’ (হাওয়াই মিঠাই) ‘সেরা পরিচালক’ (Best Director Award) পুরস্কার অর্জন করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়রের ‘ক্যাম্পারি লাউঞ্জ’ (Campari Lounge)-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে রাকায়েত রাব্বির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
‘দ্যা সুইটনেস অফ এয়ার’ (হাওয়াই মিঠাই) চলচ্চিত্রে যুদ্ধের প্রেক্ষাপটে এক শিশুর মনস্তত্ত্বের পাশাপাশি বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার এক মানবিক ও সংবেদনশীল গল্প তুলে ধরা হয়েছে।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় পরিচালক রাকায়েত রাব্বি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে পুরস্কার পাওয়া তার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। স্ক্রিনিংয়ের সময় এবং পুরস্কার ঘোষণার পর বিশ্বজুড়ে নামকরা চলচ্চিত্র প্রডিউসার ও ডিস্ট্রিবিউটররা ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) প্রজেক্টটির প্রশংসা করায় তিনি উচ্ছ্বসিত।
তিনি বলেন, এই অর্জন তার সিনেমা বানানোর উৎসাহকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এ জন্য ফেস্টিভ্যাল ডিরেক্টর এমানুয়েলা জেনোভেসের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।
চলচ্চিত্রটির অভিনেতা মিজানুর রহমান বলেন, ঐতিহাসিক এ মুহূর্তে তিনি ভেনিসে সশরীরে উপস্থিত ছিলেন, যা একজন অভিনেতা হিসেবে তার জন্য আনন্দের। ‘ক্যাম্পারি লাউঞ্জে’ বিশ্ব চলচ্চিত্রের খ্যাতিমান ব্যক্তিদের সামনে তার সিনেমার নাম ও বাংলাদেশের নাম উচ্চারিত হওয়ায় তিনি গর্বিত।
মিজানুর রহমান বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তাদের একার নয়, এটি পুরো বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভেনিসের মর্যাদাপূর্ণ ‘কা’ ফস্কারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়ে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা রাকায়েত রাব্বি।
এবারের এ অর্জনের পর ইতালির শীর্ষস্থানীয় চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো রাকায়েত রাব্বির পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টের কো-প্রোডাকশন ও চলচ্চিত্র বিতরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
