‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন সাইদুর রহমান পাভেল। সম্প্রতি তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই গুঞ্জন উঠেছে, ভিডিও বিতর্কের জেরে জনপ্রিয় এই ধারাবাহিক থেকে বাদ পড়তে পারেন এই অভিনেতা।
তবে পাভেলকে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
পাভেলকে বাদ দেওয়ার গুঞ্জনের সূত্রপাত নির্মাতা কাজল আরেফিন অমির একটি ফেসবুক পোস্টকে ঘিরে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন তিনি।
তালিকায় ধারাবাহিকটির পরিচিত ও নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও সেখানে দেখা যায়নি সাইদুর রহমান পাভেলের নাম। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
নেটিজেনদের একাংশের ধারণা, সম্প্রতি ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করেই হয়তো পাভেলকে ধারাবাহিকটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি পরিষ্কার করতে নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। পাভেলকে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফলে শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকার কারণ কিংবা তাকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান জানিয়েছিলেন পাভেল। তার দাবি, ভিডিওতে ফোনের অপর প্রান্তে থাকা নারীর সঙ্গে তার শুধু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে; এর বেশি কিছু নয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি প্রায় পাঁচ মিনিটের ভিডিও ছড়িয়ে পড়েছে বলেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে। তবে নতুন ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন সাইদুর রহমান পাভেল।
পরবর্তী সময়ে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে।
ধারাবাহিকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পাভেল। চরিত্রটির সংলাপ, অভিনয়ের ধরন ও হাস্যরস দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করে।
এখন ব্যক্তিগত ভিডিও বিতর্কের মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তার ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
