পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ | অনলাইন সংস্করণ

পর্দায় আবারও দেব-শুভশ্রী। দুই তারকার প্রেমের কথা সবার জানা সম্প্রতি ফের আলোচনায় তাদের সম্পর্ক। অনেকেই বলছেন নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তারা। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে রোমান্টিক গানে জুটি বাঁধার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। শুভশ্রীর একটি ক্যাপশনও বাড়িয়েছে অনুরাগীদের কৌতূহল।
সময়ের সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ, বদলে যায় মানুষের জীবনও। কিন্তু পর্দার কোনো পুরনো জুটি যখন আবার একই ফ্রেমে হাজির হয়, তখন ফিরে আসে পুরনো দিনের স্মৃতি। এবার ঠিক তেমনই ঘটেছে টলিউডের আলোচিত জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড় ও প্রকৃতির মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর রসায়ন নজর কেড়েছে দর্শকদের। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে দুই তারকার বেশ কিছু রোমান্টিক ছবি। কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোনো ফ্রেমে ধরা পড়েছে ঘনিষ্ঠ মুহূর্ত।
সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভশ্রীর দেয়া একটি ক্যাপশন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ ক্যাপশনটি প্রকাশের পর অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কৌতূহল। তবে ছবিগুলো সিনেমার প্রচারণা ও চরিত্রের প্রেক্ষাপটের অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে।
একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর সামনে বসে রয়েছেন দেব। পেছন থেকে দেবকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী। আরেকটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রয়েছেন শুভশ্রী। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে আছে তার মুখ।
দেব ও শুভশ্রী একসময় শুধু পর্দার জুটি ছিলেন না বাস্তব জীবনেও তাদের সম্পর্ক ছিল আলোচিত। পরে সেই সম্পর্কের ইতি ঘটে এবং দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যান। তবে বহু বছর পর পর্দায় তাদের এই পুনর্মিলন যে দর্শকদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়াই তার প্রমাণ।
