হাতে সিগারেট, চেহারায় ঔদ্ধত্য— এ কোন রূপ বিদ্যা বালানের
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৬ | অনলাইন সংস্করণ

গ্ল্যামার পুঁজি করে কারিনা, ক্যাটরিনাদের মতো জায়গা করে নিতে পারতেন বিদ্যা বালান। সে পথে না হেঁটে অভিনয়কে সম্বল করে এগিয়েছেন। ভিন্ন ভিন্ন অবতারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আলাদা অবস্থান গড়েছেন। এবার তার আরও এক নতুন রূপ উন্মোচিত হলো ‘জেলার ২’ সিনেমার ট্রেলারে।
রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমাটিতে কান্তা রূপে দেখা যাবে বিদ্যাকে। গতকাল প্রকাশিত ঝলকে তার-ই আভাস মিলেছে। ভিডিওতে দেখা গেছে, সিঁড়ি বেয়ে ধীর পায়ে নামছেন বিদ্যা। পরনে নীল শাড়ি, হাতে সিগারেট। চোখেমুখে আত্মবিশ্বাস, হাঁটাচলায় একরকম ঔদ্ধত্য। অল্প কিছু সংলাপ আর চলবলন দিয়ে বুঝিয়েছেন চরিত্রটি ডাকসাইটে হবে। এরইমধ্যে বিদ্যার নতুন রূপ দখল করে নিয়েছে সামাজিক মাধ্যম।
নেটিজেনদের কেউ বিদ্যার ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। কারও কথায়, বিদ্যার যোগ জেলার ২-এর প্রতি আগ্রহ বাড়িয়ে তুলল। রজনীকান্তের সঙ্গে এক ফ্রেমে অভিনেত্রীকে দেখা যাবে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
২০২৩ সালে মুক্তি পায় ‘জেলার’ সিনেমা। তুমুল ব্যবসা করে ছবিটি। গল্পের পাশাপাশি তামান্না ভাটিয়ার কোমর দুলুনিও লুফে নিয়েছিলেন দর্শক। তখন থেকেই অপেক্ষা ছিল দ্বিতীয় অধ্যায়ের। এবার তাতে বিদ্যার উপস্থিতি যেন উন্মাদনার আগুনে ঘি ঢেলে দিল। ১৫ অক্টোবর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটিতে রজনী-বিদ্যা ছাড়াও দেখা যাবে রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামূড়ুসহ অনেককে।
