নতুন পেশায় হাসান মাসুদ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

এক সময় পর্দায় নিয়মিত থাকলেও এখন নিজেকে গুটিয়েছেন হাসান মাসুদ। দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারেও জানিয়েছিলেন। নতুন খবর হলো সম্প্রতি একটি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবাল -এ হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন এই অভিনেতা।
গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি।
গত মাসে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, হজ থেকে ফিরে ধর্মকর্ম নিয়েই ব্যস্ত সময় কাটছে তাঁর। মাসুদ এখন ধার্মিক হয়ে গেছেন। এই মন্তব্যের জেরে অভিনয়শিল্পীসহ নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকে কটাক্ষ করে লেখেন, আলোচনায় থাকতে এমন মন্তব্য করেছেন। কেউ কেউ বলেন, অভিনয়সত্তা সম্পর্কে জ্ঞান না থাকায় অভিনয় পেশাকে খাটো করেছেন।
তীব্র সমালোচনার মুখে মাসুদ জানান, তাঁর সাক্ষাৎকারের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করে অনেকে ধরে নিয়েছিলেন, তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে ধারণাটি সঠিক নয়। কনটেন্টের মান নিয়ে অসন্তুষ্টি থেকে দীর্ঘদিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না তাকে। ভালো গল্প পেলে আবারও ফিরবেন তিনি।
মাসুদ তার কর্মজীবন শুরু করেন বাংলাদেশ সেনাবাহিনীতে। পরে সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এরপর সাংবাদিকতা ছেড়ে নাটকে নাম লিখিয়ে জনপ্রিয়তা অর্জন করেন।
