আবারও স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ | অনলাইন সংস্করণ

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে এসে ফের স্থগিত করা হয়েছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর ঢাকা কনসার্ট। প্রায় ১০ মাস আগে স্থাগিত হওয়া কনসার্টটি আগামী ২৬ সেপ্টেম্বর আয়োজন হওয়ার কথা ছিল। কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।
এর আগে গেল বছর ৫ ডিসেম্বর ঢাকার মাদানী এভিনিউর কার্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’ শিরোনামে কনসার্ট হওয়ার কথা ছিল। সেবার গান শোনাতে কাভিশের সদস্যরা ঢাকায় পৌঁছালেও সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল।
প্রথম দফা স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইমওয়েভ কমিউনিকেশনস’ গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ঘোষণা দেয় আগামী ২৬ সেপ্টেম্বর নতুন আয়োজনে মঞ্চ মাতাতে আসছে কাভিশ। এবারের আয়োজনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়েভ ফেস্ট : এনজয় দ্য ফুল মুন’।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অগ্রিম টিকিট কিনেছেন, সেই টিকিটগুলো নতুন তারিখের অনুষ্ঠানে কার্যকর থাকবে। আয়োজকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন পেলে যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
