পেজেশকিয়ানের বার্তার সঙ্গে বাহুবলীর যুদ্ধের দৃশ্য
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৫ | অনলাইন সংস্করণ

জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যের পর এবার আলোচনায় এসেছে বলিউড নয়, দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’। প্রেসিডেন্টের ‘কখনো মাথা নত না করার’ বার্তাকে আরও জোরালোভাবে তুলে ধরতে প্রভাস অভিনীত বাহুবলী: দ্য বিগিনিং সিনেমার একটি যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ইরানের হায়দরাবাদ কনস্যুলেট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বাহুবলী চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা অনেক বেশি হলেও পিছু হটছেন না তিনি। সিনেমার অন্যতম স্মরণীয় এই যুদ্ধের দৃশ্যকেই এবার রাজনৈতিক বার্তার সঙ্গে জুড়ে দিয়েছে ইরানি কনস্যুলেট। ভিডিওটি শেয়ার করে কনস্যুলেট লিখেছে, ইরানের প্রেসিডেন্ট ড. পেজেশকিয়ান ইউএনজিএ-তে বলেছেন 'আমরা কখনো মাথা নত করব না বা হাঁটু গেড়ে বসব না।'
ইরানের এই পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেকেই অবাক হয়েছেন, একটি দেশের কূটনৈতিক দপ্তর আন্তর্জাতিক রাজনৈতিক বার্তার সঙ্গে ভারতীয় সিনেমার এমন জনপ্রিয় দৃশ্যকে কীভাবে যুক্ত করেছে তা দেখে। কেউ কেউ ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার সঙ্গে বাহুবলীর যুদ্ধের মজার তুলনা হিসেবে দেখেছেন।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন পেজেশকিয়ান। ইরানের ওপর নিষেধাজ্ঞা, হুমকি ও চাপ দিয়ে দেশটিকে নত করা যাবে না এমন অবস্থান তুলে ধরেন তিনি। তার বক্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের বক্তব্যের একদিন পর।
এদিকে, ২০১৫ সালে মুক্তি পাওয়া বাহুবলী: দ্য বিগিনিং পরিচালনা করেন এস এস রাজামৌলি। সিনেমায় প্রভাস অভিনয় করেন শিবুডু ও অমরেন্দ্র বাহুবলীর চরিত্রে। রানা দাগ্গুবাটি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণন ও সত্যরাজও অভিনয় করেছেন এতে। সিনেমাটির সাফল্যের পর ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমা ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।
