‘হ্যাপিলি ম্যারিড’ হুট করেই হয়ে যাব মনে হয়: কেয়া পায়েল
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯ | অনলাইন সংস্করণ

এ বছরের জুলাই ১৫–তে একরকম হুলস্থুল লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছিলেন ‘হ্যাপিলি ম্যারিড’। দিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে ছবি। হঠাৎ দেখায় অনেকে মনে করেছিলেন, সত্যি কী বিয়ের কাজটা সেড়ে ফেললেন তরুণ এ অভিনেত্রী? না সেটা ছিল অভিনেত্রীর প্রথম ওয়েব ফিল্ম, চরকি অরিজিনাল ’হ্যাপিলি ম্যারিড’–এর ঘোষণা।
জাহিদ প্রীতম পরিচালিত, চরকি প্রযোজিত ও ছবিয়ালসহ–প্রযোজতি মিনিস্ট্রি অব লাভ–এর ফিল্মটি চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ৭ অক্টোবর রাত ১২ টায় (৭ অক্টোবর)। কনটেন্ট মুক্তির ঘোষণার পর বিষয়টি আবার একটু আলোচনায়। নেটিজেনরা মন্তব্যের ঘরে জানাচ্ছেন যে তারা কনটেন্টটি দেখার জন্য অপেক্ষা করছেন। অনেকে আবার মজা করে জানতে চাইছেন, অভিনেত্রী কেয়া পায়েল কবে সত্যি সত্যি ’হ্যাপিলি ম্যারিড’ হবেন বা সোশ্যাল হ্যান্ডেলে লিখবেন?
ব্যক্তিগত হলেও ভক্তের প্রশ্নটি এড়িয়ে যাননি অভিনেত্রী। জানিয়েছেন, অবশ্যই ম্যারিড হবেন তিনি এবং যখন হবেন, তখন হ্যাপিলিই হবেন। অভিনেত্রী বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। তো দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে এবং সবাই সেটা জানতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হয়, এটা হুট করেই হয়ে যাবে।’
তবে এসব নিয়ে ভাবার চেয়ে এখন কাজেই বেশি ব্যস্ত আছেন কেয়া পায়েল। নাটক, অ্যানডোর্সমেন্ট, ফ্যাশন রানওয়েতে কাজ করছেন তিনি। অক্টোবরের শুরুর দিকে যাচ্ছেন দেশের বাইরে। তাই যতটা পারছেন শেষ করে যাচ্ছেন কথা দিয়ে রাখা কাজগুলো। জানান, দেশে ফিরবেন অক্টোবরের শেষ দিকে।
সব মাধ্যমেই দেখার পর দর্শক–ভক্তদের ইচ্ছা এখন কেয়া পায়েলকে সিনেমায় দেখা। অনেক আগে থেকেই তেমন প্রস্তাবও পেয়ে আসছেন অভিনেত্রী। করছেন না কেন? আর প্রস্তাবিত কাজের মধ্যে থেকে ‘হ্যাপিলি ম্যারিড’ টাই বা কেন করলেন। জানতে চাইলে কেয়া পায়েল বলেন, ‘ফিল্ম বা ওয়েব ফিল্মের অফার তো অনেক এসেছে। বিশেষ করে ওয়েব ফিল্মের কথা বলতে পারি। যখন থেকে বাংলাদেশে ওয়েব ফিল্ম শুরু হয়েছে তখন থেকেই অফার পেয়ে আসছি। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে এমন কোনো চরিত্রে, এমন কোনো গল্পে কাজ করতে যেখানে মানুষ একটু আলাদা করতে পারবে আমাকে।
কারণ আমি যেহেতু রেগুলার নাটকে কাজ করি, নাটকের বাইরেও আমি চাই যে যখন ফিল্মে বা ওয়েব ফিল্মে কাজ করব, সেখানে যাতে স্পেশাল পায়েলকে দেখতে পায়। সো, ওই জায়গাটাতে আমার মনে হয়েছে যে ‘‘হ্যাপিলি ম্যারিড” এমন একটা ফিল্ম যেখানে আমাকে দর্শক ভিন্নভাবে দেখতে পারবে।’
কেয়া পায়েল আরও যোগ করে বলেন, ‘হ্যাপিলি ম্যারিড–এর টিমটা খুব অ্যাক্টিভ এবং কো–অপারেটিভ ছিল। আমার কাছে তাদের কাজ করে ভীষণ ভালো লেগেছে এবং খুবই কমফোর্টেবল একটা টিম। বিশৈষ করে আমাদের ডিরেক্টর জাহিদ প্রীতম, সে খুবই বিনয়ী। সবকিছু মিলিয়ে এটা আমার খুবই ভালো অভিজ্ঞতা।’
‘হ্যাপিলি ম্যারিড’ ফিল্মে কেয়া পায়েলের বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এই বিষয়টাও কাজটি করতে আগ্রহী করেছে অভিনেত্রীকে। সহ অভিনেতা নিয়ে কেয়া পায়েলের মতামত এমন যে, একজন হিরোর যেসব গুণাবলী থাকা উচিত এবং শুটিং সেটে একজন হিরোর যে প্রেজেন্সটা সবাই চায়, তার সবই আছে আরিফিন শুভর। এ বিষয়টা কেয়া পায়েলকে মুগ্ধ করেছে। অভিনেত্রী আরও বলেন, ‘শুভ ভাইয়া খুবই আন্তরিক, অনেক প্রফেশনাল, চুপচাপ এবং অনেক হেল্পফুল। প্রথম দিকে আমি ভাবছিলাম যে আসলে পারব কিনা, সে সিনিয়র এবং এত অভিজ্ঞতা, কিন্তু কাজ করতে গিয়ে আমার এই জিনিসটা একদম ফিল হয়নি। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।’
সব মিলিয়ে কেয়া পায়েল তার ভক্ত–দর্শকদের বলেন, ‘৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘‘হ্যাপিলি ম্যারিড”, আমি খুব এক্সাইটেড। আমার প্রথম ওয়েব ফিল্ম এবং পাশাপাশি গল্পটা খুব দারুণ, আমরা সুন্দর করে কাজটি করেছি। আমি চাই আমার ফ্যানরা কাজটি দেখুক, দেখে তারপরে বলুক কেমন লেগেছে। আর অফকোর্স আমার ফ্যানদের জন্য এবার আমি ডিফরেন্ট কিছু নিয়ে এসেছি, স্পেশাল পায়েলকে দেখতে পারবেন তারা।’
