মুক্তির তারিখ পেছাল আলোচিত ‘আন্ধার’ সিনেমার

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ | অনলাইন সংস্করণ

অ্যাকশন ও রোমান্টিক জনরার সিনেমায় সাফল্যের পর এবার ভৌতিক সিনেমা ‘আন্ধার’  নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফী। ছবির লুক, টিজার দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি করেছে। কথা ছিল অক্টোবরের মাঝামাঝি মুক্তি পাবে সিনেমাটি। তবে তা আর হচ্ছে না।

আপতত রাফীর ভক্তদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। কেননা মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় নির্মাতা জানিয়েছেন আগামী বছরের ২৬ মার্চ আলোর মুখ দেখবে সিনেমাটি। 

মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কারণও জানিয়ে রাফী বলেন, "চাইলে আগামী ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। তবে সে ক্ষেত্রে ভিএফএক্সের মানের সঙ্গে আপস করতে হতে পারে। কিন্তু সিনেমাটির নির্মাণমানের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চাই না।তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ ‘আন্ধার’ রিলিজ করবো।"

ভিডিও বার্তায় চঞ্চল চৌধুরী বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন-আর কিছু দিন সঙ্গে থাকেন।’

‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদকে গোয়েন্দা দেলোয়ার, চঞ্চল চৌধুরীকে শামশের, মোস্তফা মনোয়ারকে ইন্সপেক্টর মনোয়ার এবং নাজিফা তুষিকে নাদিয়া চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আন্ধার’। ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে আগামী অক্টোবরে। যদিও তারিখ উল্লেখ করা হয়নি।