বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন প্রীতম-শেহতাজ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

দীর্ঘ ১০ বছর একসঙ্গে পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজেদের যৌথ বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনও যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই তাদের জন্য ভালো।
তারা জানান, দীর্ঘ সময় ভেবেচিন্তে এবং পরস্পরের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন নিয়ে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি এ সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাদের প্রতি সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে কাজের সুবাদে তাদের পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা দীর্ঘ পাঁচ বছর গোপনে ছিল। অবশেষে ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা–বাগানের মনোরম পরিবেশে এক পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
