পুলিশ ওপর হামলার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী সেলমা ব্লেয়ার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:১১ | অনলাইন সংস্করণ

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে বিমানকর্মী এবং পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে। ‘ক্রুয়েল ইনটেনশনস’ ও ‘হেলবয়’ খ্যাত এই অভিনেত্রীকে গত রোববার রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।
জানা গেছে, লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেলটা এয়ারলাইনসের একটি বিমানে ওঠার পর সেলমার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়ে। এ সময় বিমানের দুই ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিমানটি অবতরণের পর তাঁকে হাসপাতালে নেওয়ার সময় পরিস্থিতি আরও জটিল হয়।
অভিযোগপত্রে বলা হয়, হাসপাতালে নেওয়ার জন্য স্ট্রেচারে তোলার সময় সেলমা এক পুলিশ কর্মকর্তার মুখ, ঘাড় ও বুকে একাধিকবার লাথি মারেন। শুধু তাই নয়, হাসপাতালে নেওয়ার পথে এক নার্সের বুকেও লাথি মারেন বলে অভিযোগ রয়েছে।
পরে সোমবার (১২ অক্টোবর) কুইন্সের আদালতে হাতকড়া পরা অবস্থায় তাঁকে হাজির করা হয়। এ সময় আদালতে তাঁকে কাঁদতে দেখা যায়। আদালত তাঁর জামিনের জন্য ২০ হাজার ডলার অথবা ৬০ হাজার ডলারের বন্ডে নির্ধারণ করেছেন। আগামী জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, অভিনেত্রীর আইনজীবী শন বার্নস দাবি করেছেন সেলমার আচরণ ইচ্ছাকৃত ছিল না। তিনি জানান, সেলমা ‘মাল্টিপল স্ক্লেরোসিস’ নামের একটি স্নায়ুর রোগে ভুগছেন। বিমানে থাকায় তিনি সময় মতো ওষুধের ডোজ নিতে পারেননি। এছাড়া বিমানে মাথায় আঘাত পাওয়া মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। পুরো ঘটনাটি এফবিআই তদন্ত করছে বলে জানা গেছে।
