ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৪:৪৬ | অনলাইন সংস্করণ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। আমির খানের ভাগ্নে এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে মুম্বাই পুলিশ। বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক ও সামাজিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা সংশোধন ও তথ্য কারচুপির অভিযোগ তুলে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর আহ্বানে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন ইমরান খান। তার সঙ্গে ছিলেন সঙ্গী ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জাইন মেরি খান।
সমাবেশ চলাকালে মুম্বাই পুলিশ অভিযান চালিয়ে ইমরানসহ অন্য আন্দোলনকারীদের আটক করে। পরে তাদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান ভারতের রাজনৈতিক বা সামাজিক বিক্ষোভে অংশ নিয়ে ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। বিজেপির সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা কিরিট সোমাইয়া এ বিষয়ে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে ইমরানকে ভারত থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরেনার্স আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ও মুম্বাই পুলিশ তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বলিউডে ‘জানে তু... ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান ইমরান খান। জন্মসূত্রে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১১ সালে এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, তিনি ভারতীয় পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন। তবে পরবর্তী সময়ে তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, ‘আমি ভারতীয় পাসপোর্টের জন্য চেষ্টা করছি। তবে নাগরিক না হলেও সচেতনতা বাড়ানোর কাজে আমি সবসময় নিজেকে যুক্ত রাখি, কারণ আমি নিজেকে এই দেশেরই অংশ মনে করি।’
বিক্ষোভে আটক হওয়ার পর পুলিশ ভ্যান থেকেই হাসিমুখে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ইমরান। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘মনে হচ্ছে আমি একটু ঘুরে আসতে যাচ্ছি!’
এর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং এর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায়ও সরব হয়েছিলেন এই অভিনেতা।
এদিকে, ভারত ছাড়ার নোটিশের বিষয়ে ইমরান খান বা তার প্রতিনিধির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
