সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৩:০০ | অনলাইন সংস্করণ

সন্তান থেকেও যেন না থাকার মতো। কেননা গত এক বছর হলো তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। তাই মায়ের বুক যন্ত্রণায় ছটফট করে প্রতিনিয়ত। বুকের ধন থেকে দূরে থাকার সে যন্ত্রণা বলতেই রিয়েলিটি শোয়ে হাজির ভোজপুরী অভিনেত্রী সোনম মালিক।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘রাইজ় অ্যান্ড ফল’ নামক এক রিয়েলিটি শোয়ের প্রতিযোগী অভিনেত্রী সোনম মালিক। অনুষ্ঠানের এক পর্বে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাই দেখে অভিনেত্রী কাজল রাঘওয়ানি জানতে চান কারণ। তখন সোনম সব খুলে বলেন তাকে। লকেটে রাখা নিজের সাত বছরের ছেলের ছবি দেখান।
কাজলকে ছেলের ছবি দেখিয়ে সোনম বলেন, “এটা আমার ছেলে। আমি ওর জন্যই এখানে এসেছি। ওর সঙ্গে আমাকে দেখা করতে দেয় না। এক বছর ধরে ওকে দেখিনি।” এ সময় ঘটনাটি আর কাউকে বলতে নিষেধ করেন সোনম। ছেলে কোথায় আছে, বয়স কত জানতে চাইলে কাজলকে সোনম জানান, তার ছেলের বয়স সাত বছর। সে হারিয়ানায় থেকে। ছেলেক দেখার আকুতি জানিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন অভিনেত্রী।
বিনোদন অঙ্গনে সোনমের যাত্রা শুরু মিউজিক ভিডিওর মাধ্যমে। ‘আরা কে ওথলালি’ নামের সে গানে পবন সিংহের সঙ্গে দেখা যায় তাকে। পরে নিজের পরিধি বাড়ান। নিয়মিত হন অভিনয়ে।
