অনলাইন সংস্করণ
১৫:১৮, ১৮ অক্টোবর, ২০২৬
ফের বিতর্ক জড়ালেন টলিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহান। ইসলাম ধর্মের অনুসারী হয়েও দুর্গোৎসবে ঢাকের তালে কোমর দুলিয়ে এবং ঢাক বাজিয়ে নতুন করে সমালোচনার ঝড় তুলেছেন তিনি। অভিনেত্রীর পূজার আনন্দ উপভোগের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।
গত শনিবার ষষ্ঠীর দিন স্বামী যশকে সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন মন্দির ঘুরেছেন নুসরাত। সে সময় তাঁর পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি ও মানানসই ব্লাউজ, সঙ্গে হালকা সাজ ও গয়না। আর যশ পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি। এক মন্দিরে তারকা জুটিকে ঢাক বাজাতে দেখা যায়, আবার অন্য এক মণ্ডপে নুসরাত মেতে ওঠেন ঢাকের তালে নাচে। পূজা উপভোগের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘নুসরত না মুসলিম? তাহলে এইসব করে ও, যাক ভালো, অনেক উন্নতি হয়েছে।’ অন্য একজন লিখেছেন, ‘ইহকালে সুখ নিতে গিয়ে পরকালের সুখ হারাবে, তখন বুঝবে ইসলাম জিনিসটা কী।’ এদিকে অভিনেত্রীকে নুসরত নামটা বদলে নেওয়ার পরামর্শ দিয়েছেন একজন নেটিজেন। আরও একজন লিখেছেন, ‘মুসলিম জাতির কলঙ্ক।’
এর আগেও দশমীতে সিঁথিতে সিঁদুর পরে ট্রোলের মুখে পড়েছেন নুসরাত। কিন্তু সমালচনাকে পাত্তা দেন না। বছর দুয়েক আগে পূজাকে কেন্দ্র করে কটাক্ষের বিষয়ে গণমাধ্যমে নুসরাত বলেছিলেন, ‘প্রত্যেক বছর অষ্টমীর দুপুরে আমি ভোগ খেতে খুব ভালোবাসি। এক শ বার হয়তো তার জন্য আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছে! কিন্তু তারপরও অষ্টমীর দিন অঞ্জলি দিই, আগামী দিনেও অঞ্জলি দেব। কারণ, বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না। ভাষার ওপরও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।’