দুর্গাপূজার বিশেষ নাটক ‘রাধিকা’
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ

আকাশে তুলোর মতো সাদা মেঘ আর বনে বনে থোকা থোকা শুভ্র কাশ ফুল বলে দেয় শরৎ এসেছে। মাসটির অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কেননা দূর্গতিনাশিনী দেবী দূর্গার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। পাড়ায় পাড়ায় শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে অনুষ্ঠানের পসরা সাজায় টেলিভিশন চ্যানেলগুলোও। এবারও ব্যতিক্রম হচ্ছে না।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর, বুধবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রাধিকা’। গল্পে দেখা যাবে, দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। তবে কঠিন প্রকৃতির। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লাউ, শশা, কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথা বলতে চায়। তবে কঠিন মেজাজের কারণে দূরে সরে যায় সবাই।
রাধিকা কাউকে বিশ্বাস করে না। প্রতিদিন সে বাজারে এটা সেটা বিক্রি করে যা পায় তা দিয়ে চাল ডাল কিনে বাড়ি চলে যায়। ঘরে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। সেও বয়সের ভারে ক্লান্ত, কর্মহীন। তাই মেয়েকে উপার্জন করে সংসার চালাতে হয়। রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে। কিন্তু সামনে গিয়ে রাধিকার সাথে কথা বলার সাহস পায় না। এভাবেই এগিয়ে চলে গল্প।
আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।
