নতুন প্রেমের গুঞ্জন জেনিফার লোপেজের

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। আর তিনি যদি হন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ তবে তো কথাই নেই। হলিউড অভিনেতা ও পরিচালক বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বেশ কয়েকবার প্রেমের গুঞ্জনে শিরোনামে উঠে এসেছে মার্কিন গায়িকা। এবার নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘অফিস রোমান্স’-এর অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে সরগরম হলিউড পাড়া।

আমেরিকার সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি  জেনিফার ও ব্রেটকে লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে একসঙ্গে প্রবেশ এবং বের হতে দেখা গেছে। সূত্রের দাবি, বর্তমানে তারা বেশ ভালো একটি সম্পর্কের মধ্যে রয়েছেন। তাদের সবচেয়ে বড় মিল দুইজনেই ঘোরাঘুরি, পার্টি আর রেস্তোরাঁয় সময় কাটাতে ভালোবাসেন।

তবে নতুন গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত জেনিফার লোপেজ বা ব্রেট গোল্ডস্টেইন কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি। এর আগে গত জুন মাসে তাঁদের নতুন ছবি ‘অফিস রোমান্স’-এর প্রচারের সময় ‘টুডে’ শোতে এই জুটিকে তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় জেনিফার বলেছিলেন, ‘কারও সঙ্গে কাজ করলে বা একসঙ্গে দেখা গেলে মিডিয়া আমাদের নিয়ে সম্পর্কে জড়িয়ে দেয়। কেভিন কাস্টনারসহ বহু মানুষের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে, এটা নতুন কিছু নয়।’

পাশাপাশি ‘টেড ল্যাসো’ খ্যাত অভিনেতা ব্রেট গোল্ডস্টেইন মজা করে বলেছিলেন, ‘আমার মনে হয়, তাঁর আশেপাশে দাঁড়ালে এই ঘটনা ঘটে।’ সাক্ষাৎকারা দুজনেই জানিয়েছিলেন তাঁরা ডেট করছেন না। 

২০২২ সালের ১৬ জুলাই জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই বছরেরও কম সময় তাঁদের সংসার টিকেছিল। ২০২৪ সালের এপ্রিলে তাদের দূরত্ব নিয়ে গুঞ্জন ছড়ায় এবং ২০২৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।