‘কিং’র জন্য আবারও একসঙ্গে শাহরুখ-দীপিকা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৩:০৭ | অনলাইন সংস্করণ

আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’র একটি গানের দৃশ্যে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে শাহরুখ-দীপিকার নতুন করে একসঙ্গে কাজ করার খবরে উচ্ছ্বসিত ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘কিং’র একটি গানের শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ ও দীপিকা। আগামী ২৬ অক্টোবর মুম্বাইয়ে গানটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। জনপ্রিয় কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের নেতৃত্বে দৃশ্যগুলো ধারণ করা হবে। শুটিং চলতে পারে প্রায় এক সপ্তাহ।
প্রাথমিকভাবে গানটির শুটিং দক্ষিণ আফ্রিকায় করার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত স্থান পরিবর্তন করে মুম্বাইয়ে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শাহরুখ ও দীপিকা ছাড়াও ‘কিং’র অন্য অভিনয়শিল্পীদের কয়েকজনকে গানটিতে দেখা যেতে পারে। তবে গানটির নাম, সুরকার কিংবা অন্যান্য বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। প্রথম সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। নবাগতা হয়েও অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। এরপর একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন শাহরুখ-দীপিকা জুটি।‘ওম শান্তি ওম’র পর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এবার ‘কিং’র গানে ফের তাদের যুগল উপস্থিতি নতুন করে আগ্রহ তৈরি করেছে দর্শকদের মধ্যে।
তারকাবহুল আয়োজনের কারণেও আলোচনায় রয়েছে ‘কিং’। সিনেমাটিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়েলসহ অনেকে। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানেরও।সব মিলিয়ে ‘কিং’ ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়ছে। সিনেমাটির গানে শাহরুখ-দীপিকার রসায়ন কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা।
