মুক্তির আগেই সর্বকালের বড় রেকর্ড ‘কিং’-এর
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:০৬ | অনলাইন সংস্করণ

শাহরুখ খানের বুড়ো হাড়ের ভেলকির কাছে হাঁটুর বয়সী নায়করা যেন নস্যি। করোনা পরবর্তী সময় ‘পাঠান’ দিয়ে বলিউডে রুখে দিয়েছিলেন দক্ষিণী সিনেমার আগ্রাসন। ‘জাওয়ান’ দিয়ে ধারাবাহিকতা বজায় রাখেন হাজার কোটির ক্লাবের। আসদন্ন ‘কিং’ সিনেমা দিয়ে করলেন ভারতীয় সিনেমা ইতিহাসের সর্বকালের বড় রেকর্ড। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিদেশি স্বত্ব বিক্রির চুক্তির ক্ষেত্রে রেকর্ড করেছে শাহরুখের ‘কিং’। ছবিটির আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পেয়েছে ‘ফারস ফিল্মস’। সংস্থাটি ১৭৫ কোটি রুপি তথা ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর কাছ থেকে কিনে নিয়েছে কিংয়ের আন্তর্জাতিক থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস। এর আগে ভারতের কোনো সিনেমার সত্ব এত অর্থের বিনিময়ে বিক্রি হয়নি।
তবে চড়া দামে সত্ব বিক্রি হলেও বিদেশি বাজারে বেশ চ্যালেঞ্জ রয়েছে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটির। আন্তর্জাতিক বক্স অফিসে সাড়া ফেলতে হলে আসন্ন ঘরে তুলতে হবে ৩৭-৪০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি। সেক্ষেত্রে কিং খানকে টপকে যেতে হবে ‘ধুরন্ধর ২’ ও ‘থ্রিপল আর’কে।
আন্তর্জাতিক বাজারে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ ব্যবসা করেছে ৪৬০ কোটি রুপি। অন্যদিকে ‘আরআরআর’ ঘরে তুলেছিল ৪৩০ কোটি। অন্যদিকে ২০২৩ সালে শাহরুখের পাঠান-জাওয়ান বিদেশি বাজার থেকে তুলেছিল ৪০০ কোটি করে। সেক্ষেত্রে অন্যের ছবির পাশাপাশি নিজের দুই ছবিকেও টপকে যেতে হবে শাহরুখকে। যদিও বিশ্লেষকরা অসম্ভব বলে মনে করছেন না। বিদেশি বাজারে ১৭৫ কোটি রুপি চুক্তির সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে থাকাটা স্বাভাবিক বলে ধারনা তাদের।
এদিকে প্রথমবার বিদেশি বাজারে শাহরুখের ছবির পরিবেশক হিসেবে দায়িত্ব পেল ‘ফারস ফিল্মস’। এর আগে কিং খানের ছবির বিদেশি পরিবেশকের কাজ করত যশরাজ ফিল্মস। কী কারণে এই পরিবর্তন— জানা যায়নি। তবে আন্তর্জাতিক বাজারে ‘ফারস ফিল্মস’ও বেশ অভিজ্ঞ। এর আগে প্রভাসের ‘সাহো’র বিদেশি ডিস্ট্রিবিউটর ছিল। যশরাজ ফিল্মসের সঙ্গেও একাধিক ছবির বিদেশি বাজার সামলাতে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। ‘দ্য আর্চিজ’ দিয়ে সিনেমায় নাম লেখালেও ‘কিং’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। জানা গেছে, ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।
শাহরুখ-সুহানা ছাড়াও এ ছবিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতাদের।
