নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি: রাধিকা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ

ক্যারিয়ারে বেশকিছু দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেসব অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে মামাকে বিয়ে করার কথা জানান অভিনেত্রী। বিষয়টি নিয়ে সমালোচনাও করেন। এরপর থেকেই উত্তপ্ত সামাজিক মাধ্যম।

ওই সাক্ষাৎকারে রাধিকা জানান, তেলুগু এক সিনেমায় নিজের মামাকে বিয়ে করতে হয় তার চরিত্রকে। ছবির নাম প্রকাশ না করে অভিনেত্রী বলেন, “একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।”

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কীর্তি সুরেশও। তামিল-তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার রীতি আছে বলে জানান তিনি। এ সময় আরও কিছু আপত্তিকর ইস্যু তুলে রাধিকা বলেন, “আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।”

রাধিকা সিনেমার নাম মুখে না নিলেও নেটিজেনদের আন্দাজ, তিনি ‘লেজেন্ড’ সিনেমাটির কথা বলছেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন  নন্দমুরি বালকৃষ্ণ। যার সঙ্গে বয়সের যথেষ্ট ব্যবধান রয়েছে নায়িকার। 

এ নিয়ে নন্দমুরি কিছু না বললেও ভালোভাবে নেননি তার ভক্তরা। শুরু হয়েছে সামাজিক মাধ্যমে উচ্চবাচ্য। এক ভক্ত লিখেছেন, “যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।” তবে রাধিকা কোনো জবাব দেননি।