এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:২৫ | অনলাইন সংস্করণ

ওটিটি ও বড়পর্দায় এরইমধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন শঙ্খ দাশগুপ্ত। এবার হাতে নিয়েছেন নতুন সিনেমার কাজ। ‘আবার দেখা হলো’ নামের সে সিনেমায় রয়েছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি। আরও আছেন চঞ্চল চৌধুরী। জানা গেছে আগামী ঈদুল ফিতরকে ঘিরে ভাবা হচ্ছে সিনেমাটিকে।

সংবাদমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র আরও জানিয়েছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা। সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটির কাজ।

তুষি-সিয়াম-চঞ্চল ছাড়াও ছবিতে থাকবেন বিজরী বরকতুল্লাহ। যুক্ত হওয়ার কথা রয়েছে আরও কয়েকজন তারকার। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেউ। মুঠোফোনে চঞ্চলকে বিষয়টি নিয়ে জানতে চাইলে মিটিংয়ে আছেন বলে রেখে দেন। অন্যদিকে সাড়া মেলেনি শঙ্খ ও সিয়ামের। 

যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তুষি। তবে ‘রইদে’র সাদুর বউ ঝেড়ে কাশেননি। বলেছেন, ‘আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

সবশেষ তুষিকে দেখা গেছে রইদ সিনেমায়। দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে ছবিটি। সিয়ামকে দেখা গেছে ‘রাক্ষস’ ছবিতে। সিনেমটি শঙ্খর দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে। বড়পর্দায় তার অভিষেক ‘প্রিয় মালতী’র মাধ্যমে।