শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৬:০২ | অনলাইন সংস্করণ

দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নামছে চলতি নভেম্বরেই। ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এই সিজন। শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক। বিষয়টি নিশ্চিত করেছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় অমি এ ঘোষণা দেন। তিনি জানান, শেষ চ্যাপ্টারে দর্শকদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
সম্প্রতি দাঁত ও গলার সমস্যায় অসুস্থ ছিলেন এই নির্মাতা। শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন কথাও বলতে পারেননি তিনি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভিডিও বার্তায় অমি নিজেই জানিয়েছেন, আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন এবং গলার সমস্যাও কমেছে।
ভিডিও বার্তায় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সমাপ্তি নিয়ে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই (নভেম্বর) রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’
অমির এই ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ভিডিও বার্তা প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে এতে প্রায় সাড়ে আট হাজার প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের সংখ্যা ছাড়ায় পাঁচশ। একই সময়ে ভিডিওটির ভিউ হয় প্রায় এক লাখ।
দর্শকদের মন্তব্যে উঠে এসেছে নানা প্রত্যাশার কথা। কেউ আবার ‘রোকেয়া’ চরিত্রটিকে দেখতে চেয়েছেন, কেউ আগ্রহ দেখিয়েছেন ‘শিমুল’কে নিয়ে। আবার অনেকেই জানতে চেয়েছেন, পঞ্চম সিজনের পর আসবে কি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৬? তবে ষষ্ঠ সিজন নিয়ে এখনো কোনো ঘোষণা দেননি নির্মাতা।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া অভিনয় করছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।
