সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটতে চাই না: নিঝুম

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

ছোটপর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও, তাসনোভা নিঝুমের স্বপ্ন নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবে ও প্রতিষ্ঠিত করা। 

ময়মনসিংহ জেলায় জন্ম নেওয়া তাসনোভা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিবিএ করছেন। তার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই নাচ এবং গান করেন। জাতীয় পর্যায়ে কত্থক নৃত্য পুরষ্কার পেয়েছেন। এরপর ভালো লাগা থেকে অভিনয়ে নাম লেখান। তার অভিনীত প্রথম নাটক ‘ক্রেজি ফ্যান’। নাটকটিতে তার সহশিল্পী ছিলেন সাইদুর রহমান পাভেল। বর্তমানে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।

যেকোনো পেশায় নিয়মিত থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাসনোভা নিঝুম সেই চ্যালেঞ্জটি বেশ ভালোভাবেই জয় করেছেন। একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যে নির্মাতা ও দর্শকদের নজর কেড়েছেন।

সাম্প্রতিক সময়ে তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম হলো ‘কুফরি’, ‘ছু মন্তর ছু’, ‘রাইটার’, ‘ভাত’, ‘শাবানার সংসার’, ‘নসিব’ প্রভূতি। শুধু একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে না থেকে রোমান্টিক, পারিবারিক কিংবা সিরিয়াস—সব ধরনের চরিত্রেই নিজেকে ভাঙাগড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘ভূতের বাড়ি’ নামের একক নাটকের কাজ। মেঘ হিম পরিচালিত এই নাটকে তার সহশিল্পী শাহেদ শাহরিয়ার। এবারই প্রথম নয়, এর আগেও তাকে ভূতের গল্পে দেখা গেছে। তবে এবারের কাজটি সম্পূর্ণ আলাদা বলে জানান তিনি। নাটকটি নিয়ে আশাবাদী নিঝুম। শিগগিরই এটি মুক্তি। ভিউয়ের দৌড়েও কাজটি এগিয়ে থাকবে বলে জানান।

অভিনয়ের পাশাপাশি গান করেন তাসনোভা। সম্প্রতি সিডি চয়েসের ব্যানারে মুক্তি পেয়েছে তার মৌলিক গান ‘এক নজরে’। এর আগেও তার দুটি মৌলিক গান প্রকাশ পেয়েছে। অভিনয়ে থিতু হতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘গান করতে ভালো লাগে তবে আমার পুরোটা জুড়ে অভিনয়। ছোট থেকেই গান ও নাচের প্রতি ভালো লাগা আছে। তবে নিজেকে অভিনয়ে প্রতিষ্ঠিত করতে চাই। সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে চাই।’

ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়েরও স্বপ্ন দেখেন তাসনোভা। তবে বড় পর্দার জন্য এখনই প্রস্তুত নন তিনি। বর্তমানে নিজেকে তৈরি করছেন বলে জানান। বাণিজ্যিক ঘরানার সিনেমার বাইরে গল্পনির্ভর চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে চান। যেখানে হতে চান গল্পের নায়িকা। আগ্রহ রয়েছে ওটিটিতেও।

নিঝুমের ভাবনা ভিন্ন। তিনি কেবল ‘তারকা’ নয়, বরং একজন ‘অভিনেত্রী’ হিসেবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চান। এ প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, ‘অভিনয়টা আমার কাছে একটি সাধনা। আমি সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটতে চাই না। এমন কিছু কাজ করতে চাই, যা দিয়ে দর্শক আমাকে অনেক দিন মনে রাখবে। নিজেকে একজন পূর্ণাঙ্গ ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।’