সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২২ বছরের সংগীতশিল্পী সিজে বিচের
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কান্ট্রি সংগীতশিল্পী সিজে বিচ। তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। গত ৭ নভেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও মঞ্চে গান পরিবেশন করেছিলেন সিজে। ফ্লোরিডার পানাসিয়ায় অবস্থিত স্যালটি ডঙ্কি নামের একটি রেস্তোরাঁয় সংগীত পরিবেশন করেন তিনি। এরপর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন এই তরুণ শিল্পী।
গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় গাড়িটি রাস্তার পাশের একাধিক গাছে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় তার সিটবেল্ট বাঁধা ছিল না বলে জানা গেছে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিজের বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ছেলেকে নিয়ে মানুষের ভালোবাসা, স্মৃতি, ছবি ও ভিডিও দেখে তার কষ্ট আরও বেড়ে যাচ্ছে। তবে একই সঙ্গে বুঝতে পারছেন, অনেক মানুষ সিজেকে ভালোবাসতেন এবং তাঁর অনুপস্থিতি অনুভব করবেন।
ছেলের মৃত্যুর পর দুর্ঘটনাস্থলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তার বাবা। তিনি স্থানীয় কাউন্টি কমিশনারদের কাছে ওই সড়কের বাঁকে সতর্কতামূলক বাতি ও দুই পাশে আরও বেশি সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, একই জায়গায় এর আগেও দুর্ঘটনা ঘটেছিল। আগের দুর্ঘটনার পর সেখানকার ঝোপঝাড়ও পুরোপুরি বেড়ে ওঠেনি।
সিজে বিচ ফ্লোরিডার স্থানীয় সংগীতজগতের পরিচিত মুখ ছিলেন। একক সংগীতশিল্পী হিসেবে পারফর্ম করার পাশাপাশি ‘সিজে অ্যান্ড দ্য ডেডম্যান’ ব্যান্ডের সদস্য হিসেবেও পরিচিতি পেয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন সিজে।
সেখানে নিজের গান ও ব্যান্ডের বিভিন্ন পরিবেশনার ভিডিও প্রকাশ করতেন। স্থানীয় সংগীত উৎসব ‘ডেডম্যান ওয়াকিং মিউজিক ফেস্টিভ্যাল’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। এই উৎসবের মাধ্যমে স্থানীয় সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের একত্র করার উদ্যোগ নেয়া হয়েছিল।
