মারা গেছেন অভিনেতা ডিপজলের ভাই

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ | অনলাইন সংস্করণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে শোকের ছায়া। তাঁর মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই। ভাইয়ের মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা নিজেই। 

ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

ভাইয়ের স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, ‘ভাই, তোমার চলে যাওয়া কখনও পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’

প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল। তাঁর কথায়, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

এর আগে গেল ৯ নভেম্বর এক পোস্টে ভাইয়ের অসুস্থতার কথা জানান অভিনেতা ডিপজল। তিনি লেখেন, ‘আমার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল অত্যন্ত অসুস্থ। দেশবাসীসহ সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।’

ডিপজলের ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা।