আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অসামান্য অভিনয়গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বরেণ্য অভিনেত্রী শবনম। এবার কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের নামে প্রবর্তিত সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি।

‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’ আসরে তাকে দেওয়া হবে আজীবন সম্মাননা।

বাংলাদেশের সংগীতাঙ্গনে বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। তার দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে প্রবর্তিত এ সম্মাননা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর প্রদান করা হয়। মাঝে তিন বছরের বিরতি শেষে এবার আবারও আয়োজন করা হচ্ছে এই সম্মাননা অনুষ্ঠানের।

আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিন উপলক্ষে বিকেল ৪টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে অভিনেত্রী শবনম বলেন, ‘আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন, যেগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশে তার সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তার নামে প্রবর্তিত পুরস্কার পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’

এদিকে শবনমকে আজীবন সম্মাননা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তারা বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমার বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব।

আমরা সত্যিই ভীষণ খুশি যে শবনম আন্টির হাতে বশির আহমেদ সম্মাননা’র আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমাদের যে কতটা ভালো লাগছে তা বোঝাতে পারব না। আমরা কৃতজ্ঞ যে আব্বুর নামের এই সম্মাননা অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে করতে পারছি ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, বশির আহমেদের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের কাছে আজও সমান সমাদৃত। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ ও ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’।