আবারও আদালতে পরীমণি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:২১ | অনলাইন সংস্করণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমণি। 

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য রয়েছে। এজন্য সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে উপস্থিত হয়েছেন। পরীমনির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত (সুরভী) শুনানি করবেন। তিনি বলেন, ‘আশা করি এই মামলা থেকে পরীমনি ন্যায় বিচার পাবেন।’

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ ছিল। কিন্তু সেদিন পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে আজ দিন ধার্য করা হয়।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় করেন।

তদন্ত শেষে ২০২৩-এর ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০২৪-এর ৫ জানুয়ারি আদালত পরীমণিসহ তিন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে।

পরীমণি এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।