‘এখনো ছয়টি বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৩৫ | অনলাইন সংস্করণ

চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। একাধিকবার সংসার ভাঙার অভিজ্ঞতা নিয়ে মাঝেমধ্যেই আলোচনায় আসেন এই গায়িকা ও অভিনেত্রী। এবার নিজের চার বিয়ে নিয়ে এক ভক্তের খোঁচার মুখে পড়লেন তিনি। তবে বিরক্ত না হয়ে হাসিমুখেই দিলেন মজার জবাব।

সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নেন জেনিফার। সেখানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছিলেন তিনি।

এ সময় দর্শক সারি থেকে এক ভক্ত বলে ওঠেন, ‘আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে।’ আরও ছয়বার বিয়ে করার সুযোগ রয়েছে, এমন ইঙ্গিত দিয়েই জেনিফারকে খোঁচা দেন ওই দর্শক।

ভক্তের কথা শুনে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর হেসে ওঠেন তিনি। মন্তব্যটিকে জীবনে শোনা সবচেয়ে মজার কথা বলেও উল্লেখ করেন এই তারকা। পরে র‍্যাচেল ও জেনিফার মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত।

জেনিফার আরও জানান, ভবিষ্যতে কেউ তার বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলবেন, ‘আমার আরও ছয়টি আঙুল আছে।’ তবে মজার ছলে কথা বললেও শেষ দিকে কিছুটা গম্ভীর হয়ে তিনি বলেন, ‘আমার মধ্যে আর সেই শক্তি আছে কি না, জানি না।’

জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে হয় তার। তবে এক বছরের মধ্যেই সেই সংসারের ইতি ঘটে। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। এই সংসারে তাদের দুই সন্তান ম্যাক্স ও এমি। সাত বছরের দাম্পত্যের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

জেনিফারের চতুর্থ বিয়ে হয় হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুর দিকে তাদের বাগদান হলেও পরে সম্পর্ক ভেঙে যায়। প্রায় দুই দশক পর আবারও সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে সেই সংসারও টেকেনি। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।