নিজ বাড়ি থেকে অভিনেত্রী টিনা সিমন্সের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৫২ | অনলাইন সংস্করণ

হলিউড বিনোদনজগতে ফের শোকের ছায়া। নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ব্রিটিশ অভিনেত্রী টিনা সিমন্সের মরদেহ। ‘স্টার ওয়ার্স’, ‘জেমস বন্ড’ এবং ‘সুপারম্যান’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন তিনি। প্রায় ছয় দশকের অভিনয়জীবনে ২৬৩টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ নভেম্বর নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় টিনাকে। তাঁর মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন বন্ধু ও অভিনেত্রী ম্যাডেলিন স্মিথ। প্রায় ৬০ বছরের বন্ধুত্ব তাঁদের। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে ম্যাডেলিন লেখেন, ‘টিনা সিমন্সকে তাঁর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এটা অত্যন্ত মর্মান্তিক খবর। প্রায় ১৯৬৮ সাল থেকে ও আমার বন্ধু ছিল।’
১৯৮৩ সালে মুক্তি প্রাপ্ত ‘স্টার ওয়ার্স: এপিসোড সিক্স—রিটার্ন অব দ্য জেডাই’ ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান টিনা। পরবর্তীতে জেমস বন্ড সিরিজের একাধিক ছবিতেও দেখা গেছে তাঁকে। ‘অক্টোপুসি’, ‘এ ভিউ টু আ কিল’, ‘দ্য লিভিং ডেলাইটস’, ‘ডাই অ্যানাদার ডে’ এবং ‘নো টাইম টু ডাই’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
এ ছাড়াও ‘সুপারম্যান থ্রি’, ‘সুপারম্যান ফোর: দ্য কোয়েস্ট ফর পিস’, ‘সুপারগার্ল’, ‘দ্য ডার্ক নাইট’, ‘হু ফ্রেমড রজার র্যাবিট’ এবং ‘লিটল শপ অব হররস’-এর মতো ছবিতে কাজ করেছেন টিনা। টেলিভিশন ধারাবাহিকে নিয়মিত অভিনয়শিল্পী ছিলেন।
‘ডক্টর হু’, ‘ইস্টএন্ডার্স’, ‘করোনেশন স্ট্রিট’, ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’ এবং ‘দ্য বিল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি হেলেন মিরেন, মেরিল স্ট্রিপ ও মিরান্ডা রিচার্ডসনের মতো তারকাদের স্ট্যান্ড-ইন এবং বডি ডাবল হিসেবেও কাজ করেছেন।
অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা।
