লোকসংগীতের শেকড় ছুঁয়ে রাকিব-রিমার ‘কোন সাগরের মানিক তুমি’
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২১:১৬ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি

কিছু গান শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। কিছু সুর কেবল কানে এসে থামে না, হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দেয়। বাংলার মাটি, মানুষ, প্রেম, বিরহ ও আধ্যাত্মিকতার মিশেলে সৃষ্টি হওয়া তেমনই একটি মরমি গান ‘কোন সাগরের মানিক তুমি’। কালজয়ী এই গান নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে তুলে ধরেছেন সংগীতশিল্পী রাকিব হাসান ও রিমা দাস।
আজ (২০ নভেম্বর) গানটি প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল ‘আরএইচ মিউজিক স্টেশন’-এ। প্রকাশের মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই গানটি ১০ হাজারের বেশি দর্শক উপভোগ করেছেন।
গানটির স্রষ্টা পূর্ব ময়মনসিংহের মরমি সাধক, কবি ও বাউল শিল্পী জালাল উদ্দিন খাঁ। ১৮৯৪ সালের ২৫ এপ্রিল নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আত্মতত্ত্ব, প্রেম, বিরহ ও আধ্যাত্মিক দর্শন নিয়ে অসংখ্য গান রচনা করেছেন এই সাধক। ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি ও বাউল সুরের মেলবন্ধনে তাঁর গান আজও লোকসংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে আছে। ১৯৭২ সালের ৩১ জুলাই মৃত্যুবরণ করেন তিনি।
জালাল উদ্দিন খাঁর কালজয়ী সৃষ্টির মধ্য থেকে ‘কোন সাগরের মানিক তুমি’ গানটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভিন্নধর্মী সংগীতায়োজনে গেয়েছেন রাকিব হাসান ও রিমা দাস। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধনে গানটি পেয়েছে নতুন মাত্রা। গানের মরমি আবেদন ও লোকজ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে পরিবেশনের চেষ্টা করেছেন তাঁরা।
গানটির সংগীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। ভিডিও ধারণ ও সম্পাদনায় ছিলেন এইচ এম হাসনাইন। রাকিব হাসানের পরিচালনায় গানটি প্রকাশিত হয়েছে তাঁর সংগীতভিত্তিক ইউটিউব চ্যানেল ‘আরএইচ মিউজিক স্টেশন’ (RH Music Station)-এ।
কে এই রাকিব হাসান?
লোকসংগীতের প্রতি ভালোবাসা, দীর্ঘদিনের সাধনা আর কণ্ঠের স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন রাকিব হাসান।
১৯৯৮ সালের ২০ নভেম্বর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙুলা গ্রামে মজনু মিয়া ও আছমা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ। পড়াশোনার পাশাপাশি চালিয়ে গেছেন সংগীতচর্চা। স্কুলজীবন থেকেই বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতেন। ধীরে ধীরে সেই চর্চাই তাঁকে সংগীতপ্রেমীদের কাছে পরিচিতি এনে দেয়।
শিক্ষাজীবনে গোপালপুরের সৈয়দপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। পরে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
একদিকে বিজ্ঞানের শিক্ষার্থী, অন্যদিকে সংগীতের একনিষ্ঠ সাধক—দুই ভুবনকে সমানতালে এগিয়ে নিয়েছেন রাকিব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংগীতের প্রতি তাঁর ভালোবাসা কখনো থেমে থাকেনি।
ইউটিউবে লাখো শ্রোতার ভালোবাসা
এ পর্যন্ত রাকিব হাসানের কণ্ঠে প্রকাশিত হয়েছে প্রায় ৯ থেকে ১০টি মৌলিক গান। এর মধ্যে ‘ভালোবাসার সীমা নাই’, ‘লাল টুকটুক সোনা’ ও ‘মায়ার পাখি’ উল্লেখযোগ্য। তাঁর মৌলিক গানগুলোর মধ্যে ‘ভালোবাসার সীমা নাই’ সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে।
তবে কাভার গানেও রয়েছে তাঁর বিশেষ পরিচিতি। নিজের ইউটিউব চ্যানেল ‘রাকিব’-এ রয়েছে প্রায় ১ হাজার ৪০০টি কাভার গান। অন্য দুটি চ্যানেল মিলিয়ে তাঁর পরিবেশিত কাভার গানের সংখ্যা প্রায় তিন হাজার।
‘জীবনের ঐ পারে যদি আরেক জনম থাকে’, ‘ভুলে যাবো আমিও ভেবেছি’, ‘আমায় দুনিয়া থেকে চুরি করে’ এবং ‘জানিনা সে কখন এসে’—এমন অনেক গান শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। তাঁর পরিবেশিত বেশ কয়েকটি গানের ভিডিও কয়েক মিলিয়ন ভিউয়ের মাইলফলকও অতিক্রম করেছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতাদের এই ভালোবাসা তাঁকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। বিশেষ করে বাংলার পুরোনো দিনের লোকগান, বাউল গান ও মরমি সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন তিনি।
নানা বাধা পেরিয়ে সুরের পথে রিমা দাস
বাংলার লোকসংগীত আমাদের ইতিহাস, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সেই ঐতিহ্যকে ধারণ করে নানা বাধা পেরিয়ে সুরের পথে এগিয়ে চলেছেন তরুণ সংগীতশিল্পী রিমা দাস।
২০০৬ সালের ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড্ডা গ্রামে জন্ম নেওয়া এই তরুণীর সংগীতের প্রতি ভালোবাসা শৈশব থেকেই। মহর্ষি মনোমোহন দত্তের মলয়া সংগীতচর্চা থেকে আগারগাঁও সরকারি সংগীত কলেজে পড়াশোনা—তাঁর পথচলা ছিল অনেক কঠিন। দুই ভাইয়ের বাধা পেরিয়ে আজ নিজের পরিচয়ে গর্বিত করেছেন তাঁদেরও।
স্বপ্ন এখন একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হয়ে সুরের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া।
সময়ের পরিবর্তনে সংগীতের ধরন বদলালেও মাটির গন্ধমাখা এসব গানের আবেদন কখনো ফুরিয়ে যায় না। রাকিব হাসান ও রিমা দাসের কণ্ঠে ‘কোন সাগরের মানিক তুমি’ তেমনই এক প্রয়াস। একজন মরমি সাধকের কালজয়ী সৃষ্টি নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে ফিরে পেয়েছে নতুন প্রাণ।
কণ্ঠ বদলায়, সময় বদলায়, প্রজন্ম বদলায়; কিন্তু হৃদয়ে জায়গা করে নেওয়া সুর কখনো হারিয়ে যায় না। বাংলার লোকসংগীতের সেই চিরচেনা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছেন সংগীতশিল্পী রাকিব হাসান ও রিমা দাস।
