আইসিইউতে ক্যানসার আক্রান্ত মাতিয়া বানু শুকু
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৩:১১ | অনলাইন সংস্করণ

আইসিইউতে নেওয়া হয়েছে ক্যানসার আক্রান্ত নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুকে। আজ শনিবার সকালে জরুরিভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এর আগে ওই হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি।
খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
মাতিয়া বানু শুকুকে আইসিইউতে নেওয়ার খবর জানিয়ে আজ শনিবার নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এরশাদুল হক। সেখানে তিনি লেখেন, ‘মাতিয়া বানু শুকু আপা কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউ (ICU)-তে ভর্তি।
আজ সকালে নুরুল আলম আতিক ভাইয়ের (মাতিয়া বানু শুকুর স্বামী) মাধ্যমে খবর পেলাম মাতিয়া বানু শুকু আপাকে ইমার্জেন্সিভাবে কন্টিনেন্টাল হাসপাতাল (সাবেক ইউনাইটেড হাসপাতাল)এর আইসিইউ (ICU)-তে ভর্তি করা হয়েছে সকাল ৭ টায় (আগে কেবিনে ছিলেন)। অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে।’
এ সময় শুকুর বর্তমান অবস্থা নিয়ে তিনি লেখেন, ‘কনশাস থাকলেও রিকোয়ারমেন্ট অনেক বেশি। ক্যানসার ছড়িয়ে পড়ায় বর্তমানে অক্সিজেন ১৫–২০ লিটার পর্যন্ত লাগছে। রোগী একটু আগে আসায় স্ট্যাবল হওয়ার পর কেস সামারির জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ১২টার পর দেখার সুযোগ হতে পারে।’
তিনি জানান, এরইমধ্যে সিভি লাইনের অনুমতি দেওয়া হয়েছে। তবে লাইফ সাপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চিকিৎসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়তে পারে বলে পোস্টে জানান তিনি। পাশাপাশি অন্য হাসপাতালে স্থানান্তর প্রসঙ্গে তিনি লেখেন, ‘এখানে প্রতিদিন অনেক বেশি খরচ হচ্ছে। তাই সিচুয়েশন একটু স্ট্যাবল হলে তাকে পিজি হাসপাতাল (BMU), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সাল মেডিকেল-এ স্থানান্তর করার বিষয়ে চিন্তা করা হচ্ছে—এ নিয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে হবে।’
সবশেষে মাতিয়া বানু শুকুর পরস্থিতি সংকটাপন্ন জানিয়ে তার জন্য দোয়া চেয়েছেন এরশাদুল হক। তবে এ প্রসঙ্গে কথা বলতে নুরুল আলম আতিককে ফোন করা হলে তিনি কেটে দেন। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও মেলেনি উত্তর।
গেল এপ্রিলে মাতিয়া বানু শুকুর ক্যানসার আক্রান্তের খবর সামনে আসে। সে সময় জানা যায়, গেল বছর কর্কট রোগ ধরা পড়ে তার। তারপর নেওয়া হয় চেন্নাই। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে তার। কেমো থেরাপি দেওয়া হয় নাট্যকারকে। পরে চলতি বছর ফের চেন্নাই নেওয়া হয়েছিল শুকুকে।
ভাষাসৈনিক আবদুল মতিনের কন্যা শুকু। দেশের শোবিজ অঙ্গনে কাজ করছেন দুই দশকের বেশি সময় ধরে। ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
