সমুদ্রে ভাসছিল অভিনেতা আলেকজান্ডারের মরদেহ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৬:৫১ | অনলাইন সংস্করণ

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ইউ’ ও ‘দ্য রুকি’-এর অভিনেতা আলেকজান্ডার হ্যাসকিন আর নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পিয়ারের কাছে একটি সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে তার মরদেহ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। 

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৬ মিনিটে পানিতে একটি মরদেহ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে হারবার পেট্রোলের সদস্যরা হ্যাসকিনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে লাইফবোটে তোলেন এবং তাৎক্ষণিকভাবে সিপিআর দেন। তবে তাঁকে বাঁচানো সম্ভাব হয়নি। বিকেল ৪টা ৫৬ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
 
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মরদেহটি আলেকজান্ডার হ্যাসকিনের বলে শনাক্ত করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল তদন্তকারী দল।

এদিকে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে তাঁকে এক নারীকে চড় মারতে দেখা যায়। তবে এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সান্তা মনিকা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, প্রাপ্ত প্রমাণ ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘটনার ঠিক আগ মুহূর্তে তিনি একাই ছিলেন। 

আলেকজান্ডারের বাবা ডানা হ্যাসকিন জানান, ঘটনার দিন সকালে খুদে বার্তার মাধ্যমে ছেলের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এর আগে গত ১৪ নভেম্বর শনিবার প্রায় এক ঘণ্টা তাঁদের ফোনে কথা হয়েছিল। সেই সময় ছেলের কথা শুনে তার মনে হয়নি আলেকজান্ডার মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে রয়েছে। 

অভিনয়ের পাশাপাশি ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করতেন আলেকজান্ডার। তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক সদস্য ছিলেন।